হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন- এমন খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত অভিনেতা নিজে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
সৌদি আরবে শুটিংয়ের সময় ছড়ায় খবর
‘ব্রেকিং ব্যাড’ সিরিজে গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা বর্তমানে ‘সেভেন ডগ’ নামের একটি সিনেমার শুটিংয়ের কাজে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানেই তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, জিয়ানকার্লো এসপোসিতো একটি মসজিদে কয়েকজনের সঙ্গে নামাজ আদায় করছেন এবং শাহাদাহ পাঠ করছেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি অভিনেতা
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদিতে শুটিং করতে গিয়ে মুসলিম সহকর্মীদের সঙ্গে সময় কাটানো এবং আরব সংস্কৃতির কাছাকাছি আসার পরই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে এ খবরের সত্যতা নিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি, কিংবা অভিনেতার ঘনিষ্ঠ কারো মন্তব্যও পাওয়া যায়নি। এসপোসিতো নিজে এখন পর্যন্ত প্রকাশ্যে ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।
জিয়ানকার্লোর চার দশকের অভিনয়জীবন
জিয়ানকার্লো এসপোসিতো হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তাকে চরিত্রাভিনেতা বললেই সুবিচার করা হয়। তার অভিনয়জীবন চার দশকেরও বেশি সময়ের। ‘ব্রেকিং ব্যাড’এ গাস ফ্রিং চরিত্রে অভিনয় করে তিনি অসাধারণ জনপ্রিয়তা পান। এছাড়া ‘দ্য ম্যান্ডালোরিয়ান’, ‘দ্য বয়েজ’, ‘ডু দ্য রাইট থিং’ ও ‘ম্যালকম এক্স’-এর মতো চলচ্চিত্র ও সিরিজেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সৌদি আরবের আন্তর্জাতিক বিনোদন পরিকল্পনা
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন প্রকল্প আকর্ষণে বড় বিনিয়োগ করছে সৌদি আরব। সেই উদ্যোগের অংশ হিসেবেই সৌদিতে এখন নিয়মিত শুটিং হচ্ছে। তেমনি সিনেমাটির শুটিং সেখানে চলছে বলে জানা গেছে। তেমনি ‘সেভেন ডগস’ সিনেমার শুটিং করতেই বর্তমানে সেখানে অবস্থান করছেন জিয়ানকার্লো। টাইমসনাউ



