ম্যাচে পানির জন্য বিরতির সমালোচনায় স্কালোনিও | চ্যানেল আই অনলাইন

ম্যাচে পানির জন্য বিরতির সমালোচনায় স্কালোনিও | চ্যানেল আই অনলাইন

রাতে বিশ্বকাপ ধরে রাখার যাত্রায় গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের অস্ট্রিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন দুদলের কোচ এবং একজন করে খেলোয়াড়। ঘুরে ফিরে আবারও উঠেছে ম্যাচের মাঝে পানির বিরতি প্রসঙ্গ। যেটির সমালোচনা করেছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা কোচ স্কালোনির মতে, বিশ্বকাপে সদ্য চালু হওয়া হাইড্রেশন ব্রেকের কারণে ম্যাচ খণ্ডিত হয়ে পড়ছে। যা কখনও কখনও দুর্বল এমনকি শক্তিশালী দলকেও সুবিধা করে দিচ্ছে। বলেছেন, ‘কোন ম্যাচই সহজ নয়, বিশেষ করে গ্রুপপর্বে। ঐতিহাসিকভাবে তো বটেই, এমনকি এখন ৪৮ দলের কারণেও গ্রুপপর্ব বরাবরই কঠিন। কিন্তু গরম এবং শরীরকে সতেজ রাখার বিরতির কারণে খেলা বারবার থামছে। সম্ভবত এটি দুর্বল দলগুলোকে কিছুটা সুবিধা করে দেয়, কারণ তারা ভুলগুলো শুধরে নেয়ার এবং মানিয়ে নেয়ার জন্য সময় পায়।’

খেলোয়াড়দের সুবিধার কথা মাথায় রেখে ফিফা এই গ্রীষ্মের বিশ্বকাপে ম্যাচের প্রতিটি অর্ধে তিন মিনিটের পানি পানের বিরতি যোগ করেছে। বিরতিগুলো প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেয়া হয় এবং আবহাওয়ার অবস্থা যাই হোক নির্বিশেষে প্রতিটি ম্যাচেই এটি কার্যকর করা হয়। স্কালোনি এর সাথে একমত নয়।

‘চার-পিরিয়ড ধারণাটি বাস্তব। খেলোয়াড়দের আসা-যাওয়ার মাঝে হাফটাইমে তাদের সাথে কথা বলার জন্য আমরা মাত্র সাড়ে তিন মিনিট সময় পাই, এভাবেই কাজটা করা হয়। আমরা এভাবেই এগোচ্ছি। কিন্তু ২২ বা ২৩ মিনিটে যা ঘটবে (পানির জন্য বিরতি), তার উপর ভিত্তি করে আমার মনে থাকা যেকোনো পরিকল্পনা বদলে যেতে পারে। আমাদের সাথে আক্রমণভাগের খেলোয়াড়রা মাঠে থাকে, সাথে বেঞ্চের খেলোয়াড়রাও। সেসময় আমরা সমাধানের পথ খুঁজে পাই, ঠিক যেমন আপনি একটি সাধারণ হাফটাইমে করতে পারেন।’

‘সম্ভবত আমি যখন বলেছিলাম যে এটি দুর্বল দলের জন্য উপকারী, তখন কিছুটা ভুল বুঝিয়েছিলাম। এটি আক্রমণকারী বা শক্তিশালী দলকেও ভুল শুধরে নিতে সাহায্য করে। এর সাথে মানিয়ে নেয়াটা অদ্ভুত লাগছে। অন্য যেকোনো উন্নতির মতোই এটিও স্বাভাবিক হয়ে যাবে। আপাতত, এটি অস্বাভাবিক লাগবে, কারণ খেলার স্বাভাবিক গতিটা এখন খুবই ভেঙে যাচ্ছে। আমরা বিশ্লেষণ করে মানিয়ে নেয়ার চেষ্টা করি। এটির কারণে ম্যাচগুলো ভিন্ন ভিন্ন দিকে মোড় নেয়, এমনকি শুধু প্রথমার্ধের মধ্যেই।’

এ বিরতির কারণে কিছু দর্শক দুয়োধ্বনি দেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র কিংবা মেক্সিকোতে আবহাওয়া ততটা চরম নয়, অন্যদিকে কানাডা বিশ্বের অন্যতম শীতপ্রধান দেশ, ফলে অনেকর মতে এর কোন প্রয়োজনই নেই।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতে আছে আর্জেন্টিনা। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় এটি অ্যান্ড টি স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেবাহিনী। ‘জে’ গ্রুপে প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অস্ট্রিয়াও বর্তমানে তিন পয়েন্টে রয়েছে।

Scroll to Top