বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে শীর্ষে থাকা ব্রাজিলের লক্ষ্য স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে আরামে জায়গা নিশ্চিত করা। সেলেসাওদের সামনে প্রতিপক্ষের পাশাপাশি আরেকটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন মেক্সিকান রেফারি সিজার আরতুরো রামোস।
চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপে শীর্ষে কার্লো আনচেলত্তির দল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে শেষ ৩২এ ওঠা কোন হিসাব ছাড়াই নিশ্চিত হবে। গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ হবে, তা নির্ভর করবে মরক্কো-হাইতি ম্যাচের ফলের উপরও।
রামোসের অধীনে আগে খেলা দুই ম্যাচের কোনটিই জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র এবং ২০২৪ কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি।
চলতি বিশ্বকাপে এটি রামোসের দ্বিতীয় ম্যাচ। ইরান ও নিউজিল্যান্ডের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এই মৌসুমে কার্ড দেখানোর ক্ষেত্রে বেশ কঠোর অবস্থানে আছেন মেক্সিকান এ রেফারি। ২০২৫-২৬ মৌসুমে ২৬টি ম্যাচে দেখিয়েছেন ১২৭টি হলুদ কার্ড, যা ম্যাচপ্রতি প্রায় ৪.৯টি।
ছেলেদের বিশ্বকাপে রামোসের ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে আটে। এপর্যন্ত তিনি বিশ্বকাপে চারটি গ্রুপ ম্যাচ, দুটি শেষ ষোলো এবং ২০২২ কাতার বিশ্বকাপের ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল পরিচালনা করেছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ম্যাচ পরিচালনার রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র তিন ম্যাচ। রেকর্ড বর্তমানে উজবেকিস্তানের রেফারি রাভশান ইরমাতভের দখলে।


