
ঢাকা, ১৮ জুন – প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন।
তিনি উৎপাদন শিল্প এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে স্পেনের বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদার করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা উল্লেখ করে স্পেনের বিনিয়োগকারীদের স্বাগত জানান।
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য একটি নির্ভরযোগ্য গন্তব্য এবং সরকার বিনিয়োগকারীদের অনুকূল পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
এস এম/ ১৮ জুন ২০২৬






