মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন | চ্যানেল আই অনলাইন

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন | চ্যানেল আই অনলাইন

রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার সন্তানদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ সামনে এসেছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর তার যুগ্ম সচিব পদমর্যাদার ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৩ জুন) এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রণালয় ইতোমধ্যে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ শুরু করেছে।

নূর জাহান বেগম তার মেয়ের সঙ্গে মিরপুরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন বলে জানা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসাটির ভেতরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও নোংরা। একইভাবে মরদেহের ছবিতে ডান চোখে অস্বাভাবিক সংক্রমণের মতো পরিস্থিতি এবং পোকামাকড়ের উপস্থিতির কথাও উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুরে মিরপুরের সেকশন-৬, ব্লক-সি এলাকার ওই ভবনে গিয়ে গণমাধ্যমকর্মীরা দীর্ঘ সময় অপেক্ষা করলেও কেউ দরজা না খোলায় ভেতরে প্রবেশ করতে পারেননি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একজন প্রবীণ নারীর এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। তারা ঘটনাটিকে অমানবিক বলেও মন্তব্য করেন।

এ ঘটনার পর ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন আবারও আলোচনায় এসেছে। আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব ভাগ করে নিতে হবে। আইন অমান্য করলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

Scroll to Top