ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৭ – DesheBideshe

ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৭ – DesheBideshe


ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৭ – DesheBideshe

ম্যানিলা, ২৫ মে – ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরে অ্যাঞ্জেলেস শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোমবার পর্যন্ত ১৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশেই নির্মাণশ্রমিক যারা দুর্ঘটনার সময় সেখানে কর্মরত ছিলেন।

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী,

নিহতদের মধ্যে ৬৫ বছর বয়সী একজন মালয়েশীয় নাগরিক রয়েছেন। তার মরদেহ গত রবিবার পার্শ্ববর্তী একটি হোটেলের ভবন থেকে উদ্ধার করা হয়। আঞ্চলিক ফায়ার প্রোটেকশন ব্যুরোর তথ্য কর্মকর্তা মারিয়া লিয়া সাজিলি জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিদের একজনকে জীবিত পাওয়া গিয়েছিল তবে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

অন্যজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। বর্তমানে উদ্ধারকর্মীরা আরও একটি মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন যা আনুষ্ঠানিকভাবে মৃতের তালিকায় যুক্ত করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে তাপ সংবেদনশীল স্ক্যানারের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে শ্বাসপ্রশ্বাস ও হৃদস্পন্দনের লক্ষণ শনাক্ত করা গেছে।

এতে করে আরও মানুষের জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে উদ্ধার কাজের ধীরগতিতে নিখোঁজদের স্বজনরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। লিয়া কাসিলাও এবং লরেনা অংকাও নামের দুই নারী তাদের পরিবারের সদস্যদের খোঁজে সেখানে অপেক্ষা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তথ্য না পাওয়ার অভিযোগ তুলেছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটি নয় তলা বিশিষ্ট হওয়ার কথা থাকলেও এর দশম তলায় একটি অতিরিক্ত সুইমিং পুল নির্মাণ করা হচ্ছিল। অ্যাঞ্জেলেস সিটির মেয়র কারমেলো লাজাতিন জানান ভবনের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং ঠিক কতজন শ্রমিক সেখানে কাজ করছিলেন সেই তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

এস এম/ ২৫ মে ২০২৬



Scroll to Top