যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকারসূত্রে পেয়েছি: বাণিজ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকারসূত্রে পেয়েছি: বাণিজ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তিটি বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (৫ মে) সকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সম্পর্ক ও পারস্পরিক চুক্তির বিভিন্ন দিক নিয়ে যুক্তরাষ্ট্রের ব্রেন্ডান লিঞ্চ এর নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যচুক্তি দুই দেশের সমঝোতার ভিত্তিতে গঠিত, যা একতরফাভাবে পরিবর্তন বা বাতিল করা সম্ভব নয়। প্রতিটি চুক্তিতেই উভয় পক্ষ নিজেদের স্বার্থ রক্ষা করে, যার ফলে একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

মন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিটা উত্তরাধিকারসূত্রে পেয়েছি, এখন লক্ষ্য হলো এটিকে দেশের স্বার্থে সর্বোচ্চভাবে কাজে লাগানো। চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের অনুকূলে না থাকে, তাহলে তা সংশোধনের সুযোগও বিদ্যমান রয়েছে।

চুক্তি নিয়ে উদ্বেগ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এ বিষয়ে অহেতুক দুশ্চিন্তার প্রয়োজন নেই।

এছাড়া যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার আওতায় বিভিন্ন দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের ক্ষেত্রে এমন তদন্ত শুরু না হলে সেটিই ইতিবাচক হিসেবে বিবেচিত হবে বলে বিষয়টি বৈঠকে প্রতিনিধিদলকে জানানো হয়েছে।

Scroll to Top