কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর (৫৭) হত্যা মামলায় আলমগীর হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আলমগীর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে শিশু-কিশোর পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শেখ মো. আলী মর্তুজা বলেন, হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আলমগীরের সম্পৃক্ততা শনাক্ত করা হয়েছে এবং সে অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়।

তবে পরিবারের দাবি, আলমগীর ঘটনার সঙ্গে জড়িত নয়। তার খালা রোজিনা খাতুন বলেন, ঘটনার রাতে আলমগীর বাসায় ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে পুলিশ এসে তাকে ডেকে নিয়ে যায়। পরে থানায় গিয়ে তারা জানতে পারেন, তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। রোজিনার ভাষ্য, হামলার সময় আলমগীর ঘটনাস্থলে ছিল না; বরং পরে আগুন নেভানোর সময় পরিবারের সঙ্গে সেখানে গিয়েছিল।

এর আগে, ঘটনার ১৯ দিন পর গত রোববার গভীর রাতে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩)। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগের একটি ৩৬ সেকেন্ডের ভিডিওতে পীর শামীমের কোরআন অবমাননার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এর জেরে ১১ এপ্রিল সকালে শতাধিক লোক জড়ো হয়ে দুপুরের পর শামীমের দরবারে হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। প্রধান আসামি করা হয়েছে স্থানীয় জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদকে।

দৌলতপুর থানার ওসি আরিফুর ইসলাম জানান, হামলার দিনের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আলমগীরকে শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Scroll to Top