কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাটে বাঁশেরতল এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) ও একই উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় আহত হয়েছে আরও ১৩জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে গুরুতর আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারীগামী মাইক্রোবাসটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা রংপুরে একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অতিরিক্ত গতি ও অসতর্কতার দুর্ঘটনার কারণ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এছাড়াও আহত ও নিহতদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



