আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টিনার গ্রুপে অন্য দুই প্রতিপক্ষের লড়াইয়ে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল অস্ট্রিয়া। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশটিকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। জর্ডানের উপর বেশ আক্রমণাত্মক ছিলেন ডেভিড আলাবা-রোমানো স্মিডরা।

সান ফ্রান্সিসকোর লেভি’স স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে স্মিডের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। প্রথমার্ধে আর কোন দল জালের দেখা না পেলে ১-০ ব্যবধানে বিরতি আসে। ম্যাচের ৫০তম মিনিটে আলী আলওয়ানের গোলে সমতায় ফেরে জর্ডান।

ম্যাচের ৬৭ মিনিটে মার্কো আরনৌতোভিচের ছোঁয়ায় আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে পরে টিভি রেফারির নির্দেশে গোল চেক করলে ভিএআরে দেখা যায় অস্ট্রিয়ার স্টেফান পসখের হাতে বল লাগে। গোল বাতিল করেন রেফারি। ১০ মিনিট পর আবারও এগিয়ে যায় দলটি, সেটা জর্ডানের ভুলে। ইয়াজান আল-আরব নিজের জালে বল জড়ালে গোল পায় অস্ট্রিয়া। শেষদিকে ইউরোপের দলটি বেশকিছু আক্রমণ চালালেও জালের দেখা পাচ্ছিল না। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে পেনাল্টি পায় অস্ট্রিয়া, গোল করেন মার্কো আরনৌতোভিচ। ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে আলাবার দল।

জে গ্রুপের একটি করে ম্যাচ শেষ হয়েছে। আলজেরিয়াকে হারিয়ে টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা, দুইয়ে অস্ট্রিয়া। তিনে জর্ডান এবং টেবিলের তলানিতে আলজেরিয়া।

২২ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Scroll to Top