চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লড়াই শুরু হতে যাচ্ছে মঙ্গলবার রাত থেকে। সেমিফাইনালে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শুরু হয়েছে দুদলের কথার লড়াই। এক্ষেত্রে প্যারিস সেইন্ট জার্মেইনের কোচ লুইস এনরিকে একধাপ এগিয়ে। তিনি বলেছেন তার দলের চেয়ে ভালো কোনো দল নেই।

মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে নামবে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। প্রথম লেগের খেলা হবে পিএসজির ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

স্প্যানিয়ার্ড কোচ লুইস এনরিকে তার দল নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলেছেন, ‘এরা ইউরোপের সেরা দুটি দল। ধারাবাহিকতার দিক থেকে বায়ার্ন হয়তো আমাদের চেয়ে কিছুটা এগিয়ে, কারণ তারা মাত্র দুটি ম্যাচ হেরেছে। কিন্তু আমরা যা করে দেখিয়েছি, তাতে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই।’

‘আমাদের জিততে হলে রক্ষণের চেয়ে আক্রমণ বেশি করতে হবে এবং আমরা জানি সেটা কতটা কঠিন হবে। কিন্তু আমরা এখানে আপোস করতে আসিনি, আমরা জিততে চাই।’

পার্ক ডে প্রিন্সেসে পিএসজি দারুণ ফর্মে আছে। কারণ দলটি তাদের শেষ নয়টি ম্যাচের মধ্যে আটটিতেই জয় লাভ করেছে এবং লিগ ওয়ানের শীর্ষে ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। ইউরোপ সেরার লিগে তারা নকআউট পর্বে এএস মোনাকো, চেলসি এবং লিভারপুলকে হারিয়েছে।

Scroll to Top