বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে বড় জয় তুলেছে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। তবে এই ম্যাচে তাদের বড় ক্ষতি হয়েছে মিডফিল্ডার ইসমায়েল কনের চোট। বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, কনের পা ভেঙেছে যার কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার।
ঘটনা ম্যাচের দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে। কাতারের আসিম মাদিবো কানাডার ইসমায়েল কনেকে ফাউল করেন। এতে প্রায় ৩-৪ মাসের জন্য দলের বাইরে চলে গেছেন কনে। ম্যাচ শেষে অবশ্য মাদিবো কানাডার ড্রেসিংরুমে গিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন।
ম্যাচের পর কানাডার কোচ জেসি মার্শ কনের চোট নিয়ে বলেছেন, ‘ঘটনাটি আমাদের চোখের সামনেই ঘটল এবং হাড় ভেঙে যাওয়ার শব্দ সবাই শুনতে পেল। ইসমাইলের সাথে আমার এখনও কথা হয়নি, তবে সে এখন হাসপাতালে আছে। তার অস্ত্রোপচারের প্রস্তুতি নেয়া হচ্ছে।’
‘তার আঘাতের ধরণ এবং দলের প্রাণকেন্দ্র হিসেবে ইসমাইলের গুরুত্বের কারণে পুরো ঘটনায় সবাই কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত। এটি আমাদের জন্য বড় এক ক্ষতিরও কারণ।’ সংবাদমাধ্যম বিবিসিকে বলছিলেন কানাডার কোচ।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’তে সবার উপরে কানাডা। নকআউট পর্ব নিশ্চিত করতে পরের ম্যাচে জয় অথবা ড্র পেলেই হবে কানাডার।




