‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’ | চ্যানেল আই অনলাইন

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’ | চ্যানেল আই অনলাইন

ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বের যেকোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে সক্ষম টিম টাইগার্স। তাই আসন্ন ওয়ানডে সিরিজকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার ভাষ্যে, ‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। খেলা সরাসরি দেখাবে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন, সরাসরি ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন শাহিন। সেখানে জানান এমন।

বলেছেন, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে সুযোগ দিয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে আফ্রিদি বলেন, ‘তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। সাহিবজাদা এখানে খেলেছে, হাসিবুল্লাহ খেলেছে। গত বছরও বেশ কয়েকজন খেলোয়াড় খেলেছে। আমার মনে হয় তাদের জন্য মানিয়ে নেয়া সহজ হবে কারণ তারা এই মাঠে এবং পিচে খেলেছে এবং কন্ডিশন সম্পর্কে জানে। আশা করি তারা তাদের সেরা ক্রিকেট খেলবে।’

যেকোনো প্রতিপক্ষের সামনেই টাইগার পেসার মোস্তাফিজুর রহমান বড় চ্যালেঞ্জ। তবে পাকিস্তান অধিনায়ক বলছেন, ‘আমি মনে করি ব্যাটাররা মোস্তাফিজকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টুয়েন্টি এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।’

Scroll to Top