যুক্তরাজ্যের অ্যাপেটাইট জার্নালে তাঁরা গবেষণাটি প্রকাশ করেন। প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানান, সাধারণ শিক্ষার্থীদের নিজের সামাজিক অবস্থান নিয়ে চিন্তাগুলো একটু বদলে দিয়ে তারা মাংস খাওয়ার আগ্রহ বাড়িয়ে বা কমিয়ে দিতে পেরেছেন। বিজ্ঞানী ইউজিন চ্যান জানান, ‘মানুষকে খুব সহজেই সাময়িকভাবে নিজেদের ধনী বা গরিব ভেবে নিতে বাধ্য করা যায়।’
গবেষণায় একদল শিক্ষার্থীকে ভাবতে বলা হয়েছিল, তারা প্রথম চাকরিতেই ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় করছেন। তা দিয়ে কত কী কেনা সম্ভব। অন্যদিকে দ্বিতীয় দলকে বলা হয়েছিল একই টাকায় কত টানাটানি হবে আর কী কী কেনা যাবে না, তা নিয়ে ভাবতে। এরপর দুই দলের কাছেই জানতে চাওয়া হয়, তারা সমাজে নিজেদের কোন অবস্থানে ভাবছেন। আর ধনীদের প্রতি তাদের কোনো হিংসা হচ্ছে কি না।
এরপর সবার সামনে নানা রকম খাবার এনে রাখা হয়। সেখানে কে কোনটা নিচ্ছেন তা খেয়াল করা হয়। দেখা গেল, যারা নিজেদের অবস্থান নিচু ভেবে দুশ্চিন্তা করছিলেন তারা শাকসবজি বাদ দিয়ে সোজা মাংসের বার্গার বেছে নিয়েছেন।


