
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে ২৯৬ জন সংসদ সদস্যের তালিকা বা ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়।
সোমবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
ইসি কর্মকর্তারা জানান, বিদ্যমান আইন অনুযায়ী সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় ২৯৬ জনের এই তালিকাটি কমিশনে পৌঁছেছে এবং এর ভিত্তিতেই পরবর্তী নির্বাচনী কার্যক্রম গ্রহণ করা হবে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ গণমাধ্যমকে জানিয়েছেন, কমিশন দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পবিত্র রমজান মাসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইসি সচিবালয় সূত্রমতে, সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত তালিকাটি এখন যাচাই বাছাই করা হবে এবং এরপর কমিশন সভা করে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৬টি আসনের ফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হবে।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সংরক্ষিত নারী আসন: ভোটার তালিকা জমা, রমজানেই নির্বাচনের পরিকল্পনা first appeared on DesheBideshe.



