
ছবি: সংগৃহীত
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটের দিকে দেশটির মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যবর্তী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্পেনের তোলেদো প্রদেশের লস ইয়েবেনেস ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে ট্রেন দুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায় বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির একটি স্পেনের রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের এবং অন্যটি ইতালীয় প্রতিষ্ঠান ইরিওর পরিচালিত ছিল।
রেনফের এভিই ট্রেনটি সকাল ৮টার দিকে মাদ্রিদ থেকে সেভিলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। অন্যদিকে, ইরিওর ট্রেনটি বিপরীত দিক থেকে উত্তরমুখী হয়ে যাচ্ছিল। পথে ট্রেন দুটির সংঘর্ষ ঘটে। স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর বরাতে দেশটির সংবাদমাধ্যম এল এস্পানিওল জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, দুর্ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রেল পরিচালনাকারী সংস্থা আদিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, দুটি ট্রেনের পেছন দিক থেকে সংঘর্ষের পর ওই রেলপথে চলাচল স্থগিত করা হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তোলেদোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত। তিনি দেশটির পরিবহনমন্ত্রীর সঙ্গে এবং কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সানচেজ আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে কাজ করছে। সংশ্লিষ্ট সব প্রশাসনের সমন্বয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্ঘটনায় হতাহতদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এদিকে, তোলেদোর কাছাকাছি উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান জানিয়েছেন, আহত ব্যক্তিদের রাখার ব্যবস্থা করতে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো তাকে একটি ক্রীড়া হল প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। হতাহতদের উদ্ধার এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

