৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন কোটালীপাড়া উপজেলার এক যুবক। তিনি হলেন কোটালীপাড়া পৌরসভার ঘাঘরকান্দা গ্রামের রাশেদ দাড়িয়া (৩৫), পিতা হাচেন দাড়িয়া।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে নিজ বাড়িতে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেন রাশেদ। পরে জুমার নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। দুধ দিয়ে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ আপলোড করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ২১ ফেব্রুয়ারি বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
রাশেদ জানান, গত দুই বছর ধরে তিনি অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন। এতে প্রায় ১০ লাখ টাকার বেশি দেনায় জড়িয়ে পড়েন। দেনার চাপে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। পাওনাদারদের ভয়ে ঠিকমতো বাড়িতে থাকতে বা খেতে পারতেন না বলেও জানান তিনি। পরিবারের পরামর্শে তিনি কয়েক দিনের মধ্যে কাজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। সেখানে উপার্জন করে দেনা পরিশোধ করবেন বলে জানান। যাওয়ার আগে অনলাইন জুয়া ছাড়ার প্রতীকী ঘোষণা দিতেই দুধ দিয়ে গোসল করেছেন বলে তিনি উল্লেখ করেন।
রাশেদ আরও বলেন, আমি সকল যুবকদের অনুরোধ করব—কেউ যেন সর্বনাশা জুয়া খেলায় না জড়ান। এতে কেউ লাভবান হয় না, বরং ধ্বংস হয়। যারা এ পথে আছেন, তারা ফিরে আসুন।
রাশেদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সচেতন মহলও দেশের তরুণদের অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।


