রাজধানীর গুলশানের বাসিন্দা নেহরির খান পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। ১৭ মাস ধরে তিনি বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করছেন। প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ কিলোমিটার গাড়ি চালান। মাসে বিদ্যুৎ খরচ বাবদ ব্যয় হয় এক থেকে দুই হাজার টাকা।
নেহরির খান বলেন, আগে জ্বালানিচালিত গাড়ি ব্যবহারে মাসে খরচ হতো ১৫ থেকে ১৮ হাজার টাকা। সার্ভিসিং, ইঞ্জিন ওয়েল ও অন্যান্য যন্ত্রাংশ বাবদ মাসে মাসে আরও কয়েক হাজার খরচ হয়। তবে বৈদ্যুতিক গাড়িতে এ ধরনের কোনো রক্ষণাবেক্ষণ খরচ নেই।
বৈদ্যুতিক গাড়ির জ্বালানি খরচ কম। বাসাবাড়ির বিদ্যুতের প্রতি ইউনিট ১৪ টাকা ৬০ পয়সা ধরেও হিসাব করলে বৈদ্যুতিক গাড়ি প্রতি কিলোমিটার চালাতে খরচ হয় মাত্র ২ থেকে ৩ টাকা। যেখানে পেট্রল গাড়িতে খরচ হয় ১৫ টাকা কিংবা তারও বেশি। এ ছাড়া ইঞ্জিন, গিয়ারবক্স, ইঞ্জিন ওয়েল পরিবর্তন—এ সবকিছুই নেই বৈদ্যুতিক গাড়িতে। ফলে নিয়মিত সার্ভিসিং বাবদ খরচ অনেক কম।



