মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকি

ছেলেরা এখনও আসরে জয়ের দেখা না পেলেও মেয়েরা দেখাচ্ছেন একের পর এক চমক। মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা তিন জয়ে সবার আগে বাংলাদেশ নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। যেনতেন জয়ে নয়, সব কয়টি ম্যাচে ব্যবধান ছিল বেশ বড়। সবশেষ সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
৫টি গোলে আসরে সর্বোচ্চ গোলদাতা এখন বাংলাদেশ অধিনায়ক শারিকা রিমন। শেষ ম্যাচেও করেছেন জোড় গোল। একটি করে গোল করেছেন লিজা ও লিমা।
চীনের মকি শহরে ম্যাচের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। তিন মিনিটের মাথায় গোল করেন শারিকা। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগে ব্যবধান দিগুণ করেন লিজা। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে জালের দেখা পায়নি কোন দল।
শেষ কোয়ার্টারের ৪৬ মিনিটে স্কোরবোর্ডে তিন নম্বর গোল যোগ করেন লিমা। ৫১ মিনিটে শারিকার জোড়ার চতুর্থ গোলের দেখা পায় বাংলাদেশ।
বাংলাদেশ মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলে লড়ছে। যেখানে হকির উন্নয়নশীল দেশগুলো রয়েছে। সেই টেবিল থেকে বাংলাদেশ, কাজাখস্তান, পাকিস্তান, হংকংয় এবং চাইনিজ তাইপের মধ্যে থেকে তিনটি দল কোয়ার্টার ফাইনালে যাবে। যেখান থেকে শারিকা রিমনের দল পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে।
এদিকে গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচগুলোতে যেকোনো দলকে শীর্ষ স্থান অর্জন করতে হলে অন্তত ১৫ গোল করতে হবে। এই গ্রুপ থেকে তিন দল লড়বে এলিট গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে আসা দলগুলোর বিপক্ষে।
ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে বিকালে কাজাখস্তান বিপক্ষে লড়বে বাংলাদেশ।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…