পাকিস্তান থেকে আনা ৩২ টনের পাখির খাদ্যে ২৫ টনই পপি সিড | চ্যানেল আই অনলাইন

পাকিস্তান থেকে আনা ৩২ টনের পাখির খাদ্যে ২৫ টনই পপি সিড | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যের মধ্যে দুটি কন্টেইনারে প্রায় ২৫ টন পপি সিড পেয়েছে চট্টগ্রাম কাস্টমস। চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিং এই খাদ্য আমদানি করে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি নথি অনুযায়ী গত নয়ই অক্টোবর পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি পাখির খাদ্য চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিং আমদানি করে।

গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনার দুটির খালাস প্রক্রিয়া স্থগিত করে চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখা। পরে সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতেই কন্টেইনার দুটি পরীক্ষা করা হয়।

কাস্টমসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কন্টেইনারের দরজার পাশে শুরুর দিকে সাত হাজার ২০০ কেজি পাখির খাবার রেখে এর পেছনে প্রায় ২৫ হাজার কেজি পপি সিড ঢেকে রেখে কৌশলে আমদানি করা হয়।

আমদানিকৃত এই পণ্যের বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক হিসেবে বিবেচিত হওয়ায় আমদানি নীতি আদেশ অনুযায়ী বাংলাদেশে পপি বীজ আমদানি করা নিষিদ্ধ।

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ এই পণ্য যারা বাংলাদেশে এনেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Scroll to Top