মেয়েদের এশিয়া কাপ

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সহজেই পাকিস্তানকে হারিয়েছে ভারতের মেয়েরা। পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে দেয়ার পর ভারত ব্যাটিংয়েও বেশি বল খেলেনি। মাত্র ৪৬ বল খেলে সহজেই জয় তুলে নিয়েছেন হারমনপ্রিত কৌরের দল। এ জয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল ভারতের মেয়েরা। এশিয়া কাপ ক্রিকেটের সব খেলা দেখাচ্ছে আইস্ক্রিন।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফাহিমা সানা। পাকিস্তান ১৮.১ ওভারে মাত্র ৫৫ রান তুলে অলআউট হয়, খেলতে পারেনি পুরো ২০ ওভার। জবাব দিতে নেমে মাত্র ৭.৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
স্বল্প রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান স্মৃতি মান্দানা। ১২ রান করে আউট হন শাফালি ভার্মা। ৪ রান করে আউট হন প্রতিকা রাওয়াল। পাকিস্তান ম্যাচে কিছুটা ফেরার চেষ্টা করলে দলের হাল ধরেন হারমনপ্রিত, সর্বোচ্চ ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১২ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা।
পাকিস্তানের পেসার ফাহিমা সানা একাই নেন ভারতের ৩টি উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলী ও শাওয়াল জুলফিকার ২৭ রানের জুটি গড়েন। ১৪ রান করে শাওয়াল ও ১৩ রান করে আউট হন মুনিবা আলী। এরপর পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান ছুঁতে পারেনি। পাকিস্তানের মোট আট ব্যাটার দুই অঙ্কের রানে পৌছানোর আগে আউট হন।
পাকিস্তানের পরের ব্যাটারদের রান ছিল- ০, ২, ৩, ০, ৫, ৬, ৯, ০ রান। ০ রানে অপরাজিত থাকেন সবশেষ ব্যাটার সাদিয়া ইকবাল।
ভারতের দুই স্পিনার শ্রী চারানি ও প্রেমা রাওয়াতের ঘূর্ণিতে দিশেহারা ছিল পাকিস্তানের ব্যাটাররা। শ্রী চারানি ৭ রানে ৩টি ও প্রেমা ৯ রানে ৩টি উইকেট নেন। দীপ্তি শর্মা নেন ২টি উইকেট।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…