চিকিৎসকেরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) এমন একটি স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন, যা দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ শনাক্ত করা যাবে। এর মধ্য দিয়ে হৃদ্রোগ চিকিৎসায় বড় পরিবর্তন আসছে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপটি উদ্ভাবন করেছেন। তাঁরা জানিয়েছেন, এই স্টেথোস্কোপ দিয়ে মুহূর্তের মধ্যে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (হার্ট ফেইলিউর), হার্ট ভালভের রোগ এবং অস্বাভাবিক হার্টবিট শনাক্ত করা যাবে।
এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।
স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক কংগ্রেসে হাজারো চিকিৎসকের সামনে নতুন স্টেথোস্কোপ উদ্ভাবন-সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা রোগীদের জন্য খুব জরুরি। দ্রুত হৃদ্রোগ শনাক্ত করা গেলে বেশি পরিমাণ মানুষের জীবন বাঁচানো যাবে এবং জটিল হওয়ার আগেই চিকিৎসা শুরু করা যাবে।