রোনালদোকে দর্শক বানিয়ে ‘সিউউ’ উদযাপন | চ্যানেল আই অনলাইন

রোনালদোকে দর্শক বানিয়ে ‘সিউউ’ উদযাপন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উয়েফা নেশনস লিগে দাপুটে পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এ রাউন্ডের প্রথম লেগে ডেনমার্কের কাছে হোঁচট খেয়েছে দলটি। গোলের পর রোনালদোর ট্রেডমার্ক ‘সিউউ’ উদযাপন করেছেন ডেনমার্ক স্ট্রাইকার রাসমাস হোজলুন্ড।

কোপেনহেগেনে পার্কেন স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। ম্যাচজুড়ে সফরকারীরা বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলরক্ষক কস্তার কঠিন পরীক্ষা নিয়েছে স্বাগতিক ডেনমার্ক। তাদের জয়সূচক গোলটি আসে ৭৮ মিনিটে।

হোজলুন্ডের সেই গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। পুরো ম্যাচে ডেনমার্ক ২৩টি শট নিয়েছে, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে, মাত্র ৮টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারেন রোনালদো-ফের্নান্দেজরা।

রাতের অন্য ম্যাচে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০তে হারিয়েছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে স্বাগতিক ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেন আন্ত বুদিমির ও ইভান পেরিসিচ।

এদিকে সান সিরোয় প্রথম লেগে ইতালির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে জার্মানি। সান্দ্রো তোনালির করা নবম মিনিটের গোলে ইতালি এগিয়ে গিয়েছিল। কিন্তু ৪৯ মিনিটে ফরোয়ার্ড টিম ক্লাইনডাইস্ট ও ৭৬ মিনিটে লিয়ন গোরেৎস্কার গোলে জয় তুলে নেয় জার্মানি।

Scroll to Top