দেশের চলচ্চিত্র জগতে নিজস্ব নির্মাণশৈলী ও ভিন্নধারার গল্প বলার জন্য পরিচিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বর্তমানে নতুন একটি চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি যেমন দর্শকদের প্রশংসা পেয়েছেন, তেমনি সমালোচনার মুখেও পড়েছেন বারবার।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক পেজে তিনি চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ও ব্যক্তিগত অনুভূতি শেয়ার করেন। সেখানে তিনি জানান, সিনেমা মুক্তির সময় তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার মতো অভিজ্ঞতা প্রায়ই ঘটে, কারণ মুক্তির পর সমালোচনার ভয় তাকে মানসিকভাবে প্রভাবিত করে।
মোস্তফা সরোয়ার ফারুকী লেখেন, তার নির্মিত অনেক সিনেমা মুক্তির পর শুরুতে কঠোর সমালোচনার মুখে পড়ে—যেখানে অনেকে সেগুলোকে ‘সিনেমা নয়’ বলেও মন্তব্য করেন। তবে সময়ের ব্যবধানে সেই কাজগুলোকেই পরবর্তীতে অনেক দর্শক গুরুত্বপূর্ণ বা ক্লাসিক হিসেবে মূল্যায়ন করেন।
তিনি আরও উল্লেখ করেন, তার ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ ও ‘৪২০’-এর মতো চলচ্চিত্রগুলোর ক্ষেত্রেও এমন অভিজ্ঞতা হয়েছে।
নির্মাতা আক্ষেপ করে বলেন, অনেক সময় কাজের প্রকৃত মূল্যায়ন আসতে দীর্ঘ সময় লেগে যায়, ততদিনে তার মানসিক ও সৃজনশীল শক্তিতে প্রভাব পড়ে।
সবশেষে তিনি জানান, বর্তমানে নতুন একটি স্ক্রিপ্টের কাজ করছেন এবং অতীত অভিজ্ঞতা তাকে মাঝে মাঝে চিন্তায় ফেলে দিলেও দর্শকদের ভালোবাসাই তাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।


