২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
আজ (১৮ এপ্রিল) শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও সময়সূচি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে।
এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ৭ জুন থেকে শুরু করার একটি প্রাথমিক প্রস্তাবনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের কথা বলা হয়। পাশাপাশি, শর্ট সিলেবাসে পড়াশোনা করা অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়।
এই সংক্রান্ত একটি খসড়া রুটিন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল এবং তা অনুমোদনের অপেক্ষায় ছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তে পরীক্ষার তারিখ পিছিয়ে ২ জুলাই নির্ধারণ করা হয়েছে।




