ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদ জিতলেও ধাক্কা হয়ে আসে ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড। সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করেছে রিয়াল। কোচ কার্লো আনচেলত্তির আশা, পরের ম্যাচের নিষেধাজ্ঞা এড়াতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ভ্যালেন্সিয়ার মাঠে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ানো ম্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল। জয়-পরাজর ছাপিয়ে বড় ঘটনাটি ছিল ৭৯ মিনিটে। তর্কাতর্কির এক পর্যায়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের গায়ে আঘাত করে বসেন ভিনিসিয়াস। লাল কার্ড দেখতে হয় রিয়াল তারকাকে।
তাতে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে ভিনির। তবে আনচেলত্তির আশা নিষেধাজ্ঞা থেকে রেহাই দেয়া হবে ২৪ বর্ষী তারকাকে, ‘লাল কার্ডের ফাউল ছিল না এটা, হলুদ কার্ডের ফাউল ছিলো। এজন্য আমরা আশাবাদী যে সে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।’
কোপা ডেল রে’র ম্যাচে সোমবার চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেইরার বিপক্ষে খেলবে রিয়াল। সেই ম্যাচে আগে ভিনিকে নিয়ে আশাবাদী আনচেলত্তি বলেছেন, ‘আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্ত্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।’





