দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত | চ্যানেল আই অনলাইন

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত | চ্যানেল আই অনলাইন

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় তিনটি বিভাগের নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আগের রাতের সারাদেশের সাধারণ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

Scroll to Top