ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবার সামরিক অভিযান শুরু হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। ফলে ২২ এপ্রিলের মধ্যে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ নিতে পারে। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যদি কোনো সমঝোতা না হয়, তাহলে অবশ্যই অভিযান শুরু হবে এবং তা বুধবার সন্ধ্যা থেকেই কার্যকর হতে পারে।
তবে একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে একটি ‘ভালো’ ও কার্যকর চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র আগ্রহী। তাড়াহুড়া করে কোনো দুর্বল বা অকার্যকর চুক্তি করতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা শেষ হওয়ার কথা ২২ এপ্রিল। এরই মধ্যে শান্তিচুক্তির লক্ষ্যে ইসলামাবাদে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে টানা ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।




