১৩ কোটি আত্মসাতের অভিযোগে পূজা চেরীর বাবা গ্রেপ্তার, যা বললেন নায়িকা | চ্যানেল আই অনলাইন

১৩ কোটি আত্মসাতের অভিযোগে পূজা চেরীর বাবা গ্রেপ্তার, যা বললেন নায়িকা | চ্যানেল আই অনলাইন

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার বারবার পূজা চেরীর নাম উঠে আসছে।

এ কারণে রবিবার (২৬ এপ্রিল) সকালে নায়িকা পূজা তার অবস্থান পরিষ্কার করে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়েছেন। ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

পূজা জানান, বাবার গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য ফোন কল ও বার্তা পাচ্ছেন তিনি। তাই বিভ্রান্তি এড়াতে মুখ খুলেছেন।

চিত্রনায়িকা পূজা বলেন, দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।

অভিনেত্রী আরও বলেন, আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। পাশাপাশি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও আমি যুক্ত নই।

এই পরিস্থিতিকে মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে পূজা চেরী বলেন, পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য কষ্টদায়ক, তবে এটি একান্তই তার (বাবার) ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে।

পূজা চেরী অনুরোধ জানিয়ে বলেন, এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।

ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটিতে তিনি আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন।

Scroll to Top