নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু করা বা অ্যাপটি পুনরায় ইনস্টল করার সময় অনেকেই চ্যাট ব্যাকআপ ও রিস্টোর নিয়ে সমস্যায় পড়েন। কখনো ব্যাকআপ সম্পন্ন হয় না, আবার কখনো পুরোনো মেসেজ, ছবি কিংবা ভিডিও ফিরে আসে না। তবে অধিকাংশ ক্ষেত্রে কয়েকটি সাধারণ সেটিংস ঠিক করলেই সমস্যার সমাধান করা সম্ভব।
অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সাধারণত গুগল ড্রাইভে এবং আইফোনে আইক্লাউডে সংরক্ষিত থাকে। ইন্টারনেট সংযোগের সমস্যা, পর্যাপ্ত স্টোরেজের অভাব, গুগল বা অ্যাপল অ্যাকাউন্টের সিঙ্ক ত্রুটি কিংবা প্রয়োজনীয় অনুমতি (Permission) বন্ধ থাকলে ব্যাকআপ বা রিস্টোরে সমস্যা দেখা দিতে পারে।
প্রথমে যা করবেন
হোয়াটসঅ্যাপ ব্যাকআপ আটকে গেলে প্রথমেই ফোনটি একবার রিস্টার্ট করুন। অনেক সময় সাময়িক সফটওয়্যার সমস্যার কারণে ব্যাকআপ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এরপর নিচের বিষয়গুলো পরীক্ষা করুন-
-ফোনে পর্যাপ্ত স্টোরেজ খালি আছে কি না দেখুন।
-ভালো মানের ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করুন।
-প্রয়োজনে অন্য ইন্টারনেট সংযোগ দিয়ে চেষ্টা করুন।
-ফোনের ব্যাটারি পর্যাপ্ত চার্জ আছে কি না নিশ্চিত করুন।
-হোয়াটসঅ্যাপ অ্যাপটি সম্পূর্ণ বন্ধ করে আবার চালু করুন।
এছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল প্লে সার্ভিসেস আপডেট করা আছে কি না সেটিও পরীক্ষা করা জরুরি। কারণ হোয়াটসঅ্যাপ ব্যাকআপের ক্ষেত্রে এই পরিষেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
গুগল অ্যাকাউন্ট ও সিঙ্ক সমস্যা ঠিক করুন
অনেক সময় হোয়াটসঅ্যাপ ব্যাকআপের সঙ্গে যুক্ত গুগল অ্যাকাউন্ট সঠিকভাবে সিঙ্ক না হলে সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে- প্রথমে ফোনের সেটিংসে যান। এরপর অ্যাকাউন্টস বা গুগল অ্যাকাউন্ট অপশনে গিয়ে সিঙ্ক সেটিংস পরীক্ষা করুন। প্রয়োজনে গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করে আবার সাইন ইন করুন। এরপর ‘সিঙ্ক নাও’ অপশন চালু করে অ্যাকাউন্টটি পুনরায় সিঙ্ক করার চেষ্টা করুন।
হোয়াটসঅ্যাপের প্রয়োজনীয় অনুমতি চালু আছে কি না দেখুন
ব্যাকআপ বা রিস্টোরের সময় ছবি ও ভিডিও ফিরে না এলে অনেক সময় অ্যাপের পারমিশন সমস্যার কারণে এমন হতে পারে। সমস্যা সমাধানের জন্য যা করবেন-
-ফোনের সেটিংস খুলুন।
-অ্যাপস অপশনে যান।
-হোয়াটসঅ্যাপ নির্বাচন করুন।
-পারমিশনে গিয়ে ফটোস, ভিডিওস ও স্টোরেজ ব্যবহারের অনুমতি চালু করুন।
-এরপর আবার ব্যাকআপ বা রিস্টোর প্রক্রিয়া শুরু করুন।
ব্যাকআপ সম্পূর্ণ হলেও রিস্টোর না হলে
কখনো কখনো হোয়াটসঅ্যাপ দেখায় যে ব্যাকআপ ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে, কিন্তু পুরোনো মেসেজ সঙ্গে সঙ্গে দেখা যায় না। এ ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করুন। কারণ অনেক সময় চ্যাট ফিরিয়ে আনার পরও ব্যাকগ্রাউন্ডে ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইল ডাউনলোড হতে থাকে। প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নতুন করে ইনস্টল করুন।
উপরের কোনো পদ্ধতিতে কাজ না হলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করার চেষ্টা করতে পারেন। তবে এর আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার সর্বশেষ ব্যাকআপ নেওয়া আছে। কারণ নতুন করে ব্যাকআপ তৈরি হলে একই ফোন নম্বরের পুরোনো গুগল ড্রাইভ বা ক্লাউড ব্যাকআপের তথ্য পরিবর্তিত হতে পারে। নতুন ফোনে হোয়াটসঅ্যাপ চালু করার আগে অবশ্যই ম্যানুয়ালি একটি সর্বশেষ ব্যাকআপ তৈরি করে রাখা নিরাপদ।




