২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে হাফটাইম শো আয়োজন করে বিতর্কের জন্ম দিয়েছে ফিফা। জমকালো এই আয়োজনের কারণে ফুটবলের অন্যতম মৌলিক নিয়মও ভাঙতে হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের বিরতিতে জাস্টিন বিবার, শাকিরা, বার্না বয়, ম্যাডোনা, বিটিএস এবং দ্য মাপেটস পারফর্ম করেন। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত এই হাফটাইম শো ছিল বিশ্বকাপ ইতিহাসে প্রথম।
তবে এই আয়োজনের কারণে প্রথম ও দ্বিতীয়ার্ধের মধ্যবর্তী বিরতি নির্ধারিত ১৫ মিনিটের পরিবর্তে প্রায় ৩০ মিনিটে গিয়ে দাঁড়ায়। মঞ্চ তৈরি, শিল্পীদের পরিবেশনা এবং পরে মঞ্চ সরাতে অতিরিক্ত সময় লাগায় নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় দ্বিতীয়ার্ধ।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর আইন অনুযায়ী, ম্যাচের হাফটাইম বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। সেই হিসেবে বিশ্বকাপ ফাইনালে এই নিয়ম কার্যত ভেঙেছে ফিফা।
অবশ্য বড় টুর্নামেন্টে দীর্ঘ হাফটাইম বিরতির ঘটনা এবারই প্রথম নয়। গত বছর একই স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে দোজা ক্যাট, টেমস ও জে বালভিনের পরিবেশনার কারণে বিরতি হয়েছিল ২৪ মিনিট। এর আগে কোপা আমেরিকার ফাইনালেও শাকিরার পরিবেশনার জন্য বিরতি বাড়িয়ে ২৬ মিনিট করা হয়েছিল।


