যুদ্ধবিরতির পর ফের মুখোমুখি সৌদি আরব ও হুতি

যুদ্ধবিরতির পর ফের মুখোমুখি সৌদি আরব ও হুতি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে। সোমবার (২০ জুলাই) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতিদের সামরিক মুখপাত্র এ ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের পতাকা ও হুতি বিদ্রোহীদের নৌ-অবরোধের ঘোষণা সংক্রান্ত যুদ্ধপরিস্থিতি

হুতিদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে অবিলম্বে নৌ-অবরোধ কার্যকর করা হচ্ছে। বিবৃতি প্রকাশের সঙ্গে সঙ্গেই এই অবরোধ কার্যকর হবে বলেও জানানো হয়।

বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর সৌদি আরব অন্যায্য অবরোধ, সম্পদ লুট, এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। এসব কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে, হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে বিদ্রোহীরা। এর জবাবে গত সপ্তাহে তারা সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই ঘটনার মধ্য দিয়ে প্রায় চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুতিদের হামলার পর উভয় পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর দীর্ঘ সময় সরাসরি বড় ধরনের হামলা না হলেও সাম্প্রতিক ঘটনাবলি দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

Scroll to Top