ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে নতুন তিন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা, একাডেমিক নেতৃত্ব, আর্থিক সুশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই তিনজনের যোগদানে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুলাই) ব্র্যাক ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ট্রাস্টিরা হলেন লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের (এলএসই) এডেন সেন্টার ফর এডুকেশন এনহ্যান্সমেন্টের পরিচালক ড. ক্লেয়ার গর্ডন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের সাবেক চেয়ারম্যান মাসুদ খান এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাবেক উপাচার্য প্রফেসর ইমরান রহমান। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তাদের নিয়োগ অনুমোদন করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি জানিয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই বোর্ড অব ট্রাস্টিজে এই নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ তিনজন ব্যক্তিকে বোর্ডে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় পরিচালনা, আর্থিক সুশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে তাদের দীর্ঘ অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।
ড. ক্লেয়ার গর্ডন দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়ন, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক ও একাডেমিক কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে কাজ করছেন। এলএসইতে তিনি শিক্ষাদান ও শেখার পদ্ধতিতে উদ্ভাবন এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন। মাসুদ খানের বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, পুঁজিবাজার, অডিট তত্ত্বাবধান এবং বোর্ড পরিচালনায় কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক তদারকি, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কর্তৃপক্ষ। অন্যদিকে, প্রফেসর ইমরান রহমান বিশ্ববিদ্যালয় পরিচালনা, ব্যবসায় শিক্ষা, একাডেমিক সুশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। ইউল্যাবের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ব্র্যাক ইউনিভার্সিটি জানিয়েছে, গবেষণা, একাডেমিক উৎকর্ষ, সমাজে ইতিবাচক প্রভাব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে নতুন তিন ট্রাস্টির অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



