হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ২২ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৩ শিশু।

শুক্রবার (১ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে ১০ মাসের শিশু ছেলেকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১০টায় শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর হয়ে মারা যায়। এছাড়া গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুরের ইসলামপুর থেকে ৫ মাসের শিশু ছেলেটিকে নিয়ে এসে ভর্তি করা হয়। এই শিশুটিও হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর হয়ে এদিন সকাল ১০টার দিকে মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৯১১ শিশু। গত ২৪ ঘন্টায় ১ শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক দুইজন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। তবে মার্চের মাঝামাঝি থেকে ভর্তির সংখ্যা বাড়তে থাকে।

তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Scroll to Top