রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পোশাক কারখানার কর্মী ছিলেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় রাকিবুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন আবু রায়হান নামের এক পথচারী।
আবু রায়হান বলেন, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় রেললাইন পার হচ্ছিলেন রাকিবুল ইসলাম। সম্ভবত অসতর্ক ছিলেন। ওই সময় বিমানবন্দর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
আবু রায়হান আরও বলেন, স্থানীয় লোকজন আহত রাকিবুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকেরা রাকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।



