হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশমন্ত্রীর – DesheBideshe



ঢাকা, ১২ আগস্ট – হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশ্ব হাতি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, হাতির আবাসস্থল রক্ষা কেবল হাতিকে রক্ষা করা নয় বরং এর মাধ্যমে বন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের ভবিষ্যৎও সুরক্ষিত হয়। মন্ত্রী জানান যে দেশে হাতির প্রকৃত সংখ্যা ও বর্তমান পরিস্থিতি জানতে ২০২৭ সালের মধ্যে নতুন করে একটি হাতি জরিপ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পূর্বের ২০১৫ সালের জরিপ অনুযায়ী দেশে স্থায়ী বন্য হাতি ২৬৮টি, পরিযায়ী হাতি ৯৩টি এবং পোষা হাতি ছিল ৯৬টি। হাতি সংরক্ষণে বাংলাদেশ ইতোমধ্যেই এলিফ্যান্ট কনজারভেশন অ্যাকশন প্ল্যান (২০১৮ থেকে ২০২৭) প্রণয়ন করেছে যেখানে ৪০টি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত করা হয়েছে।

এছাড়া মানুষ ও হাতির সংঘাত কমাতে হাতি অধ্যুষিত এলাকায় ১৫৯টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে। মানুষ ও হাতির দ্বন্দ্বে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ২০১২ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত হাতির আক্রমণে নিহত ৩২২ জনের পরিবার এবং আহত ১৬৯ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এছাড়া ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হওয়া ৩ হাজার ২১৫টি পরিবারসহ সর্বমোট ১৩ কোটি ৭৭ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের দ্রুত অর্থ প্রদানের জন্য তিনি বন অধিদফতরকে কঠোর নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

এস এম/ ১২ আগস্ট ২০২৬



Scroll to Top