চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ রানা। গতি তারকাকে ছাড়াই ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে নামবে বাংলাদেশ। চোটের বাস্তবতা মেনে নিয়েও আসন্ন সিরিজে নাহিদের অভাব ভোগাবে টিম টাইগার্সকে।
বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে উঠে এলে নাহিদ প্রসঙ্গ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘অবশ্যই ওকে (নাহিদ) মিস করব। তবে এখন আসলে ‘যদি-কিন্তু’ চিন্তা করে লাভ নেই। খুবই দুর্ভাগ্যজনক যে নাহিদ রানা এখানে নেই।’
নাহিদ না থাকলেও দলের বাকি পেসারদের উপর ভরসা রাখছেন শান্ত। বলেছেন, ‘আমাদের যে পেস ইউনিটটা এখানে আছে, বিশ্বাস করি তারাও এই কন্ডিশন ভালোভাবে ব্যবহার করতে পারবে।’
ডারউইনের উইকেট বিবেচনায় বোলিং ইউনিট কেমন হতে পারে? শান্ত বলেছেন, ‘উইকেট দেখতে ভালো মনে হচ্ছে। আমাদের সাধারণ একটা সমন্বয় ছিল, যেমন- দুই স্পিনার ও তিন পেসার। কিন্তু আমরা কাল আবার উইকেট দেখার সুযোগ পাব এবং কন্ডিশন অনুযায়ী সকালেই সিদ্ধান্ত নেব।’

