দেশের কৃষি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ- চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ। এবার ১৩টি ক্যাটাগরিতে দেয়া হবে ১১তম সম্মাননা পদক। আগামীতে কৃষির উৎপাদন বাড়াতে প্রযুক্তি সহায়তায় বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে দেশে নিরাপদ খাদ্য পেতে ব্যক্তি পর্যায়ে ছাদ কৃষির আহ্বান জানিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষির সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, কৃষিতে যদি উৎপাদন দ্বিগুণ করতে হয় তবে প্রযুক্তির সহায়তা নিতেই হবে।



