নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হতে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। দলে ফিরে এলেও নেইমারকে শুরু একাদশে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। পুরোপুরি ফিট থাকলেও এই ম্যাচে বেঞ্চ থেকেই শুরু করবেন ৩৪ বর্ষী তারকা।

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রাফিনহা। ফলে আক্রমণভাগের রাইট-উইংয়ে সুযোগ পেয়েছেন তরুণ উইঙ্গার রায়ান। ক্লাব ফুটবলে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে নিজের জায়গা আরও শক্ত করার সুযোগ পাচ্ছেন তিনি।

আক্রমণে কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন ম্যাথিয়াস কুনহা, আর বাঁ-প্রান্ত সামলাবেন ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠে অভিজ্ঞতা ও সৃজনশীলতার সমন্বয়ে দায়িত্ব পেয়েছেন কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস এবং লুকাস পাকুয়েতা।

রক্ষণভাগে আছেন দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহেয়েস ও ডগলাস সান্তোস। আর গোলবারের নিচে স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করবেন অ্যালিসন।

নেইমারকে শুরুতে মাঠে না নামালেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ: অ্যালিসন, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহেয়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, লুকাস পাকুয়েতা, রায়ান, ম্যাথিয়াস কুনহা ও ভিনিসিয়াস জুনিয়র।

Scroll to Top