সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ১০০ ফিট এলাকায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে নানা ধরনের আলোচনা ও বিতর্ক থাকবে। সংসদের আলোচনা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার কারও কাছে নাও লাগতে পারে। রাস্তায় বিভিন্ন বক্তৃতা শুনে অনেকেরই বিভ্রান্তি তৈরি হতে পারে। একইভাবে টেলিভিশনের টকশোও অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে, তবে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে মানুষ প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছে।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করা হয়েছে, কারণ সেখানে মনে করা হয় সব তথ্য ইতিবাচক নয়। বাংলাদেশেও এর প্রভাব অনেক বেশি পড়ছে।
তবে এসব বিষয় নিয়ে হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর ৫৬ বছর পার হলেও দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তার মতে, এখনো মাথাপিছু আয় ও জিডিপি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি এবং প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
তবে বিভিন্ন খাতে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি খাদ্য ঘাটতি থেকে উত্তরণের বিষয়ে আশাবাদও প্রকাশ করেন।



