বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এবারের ঈদ উপলক্ষে বাজারে আনছে তাদের অত্যাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির নতুন এসইউভি বিওয়াইডি সিলায়ন ৫। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান।
নতুন এই মডেলে রয়েছে ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন এবং ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর। ডুয়াল পাওয়ার প্রযুক্তির কারণে গাড়িটি একবার পূর্ণ চার্জ ও ফুয়েলে সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। দৈনন্দিন ব্যবহারের জন্য এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত সম্পূর্ণ বৈদ্যুতিক রেঞ্জ, যা জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পারফরম্যান্সের দিক থেকে গাড়িটি ১৫৬ কিলোওয়াট শক্তি এবং ৩০০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে, ফলে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র ৭.৭ সেকেন্ড।
নিরাপত্তা ও আরামের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে রয়েছে সাতটি এয়ারব্যাগ, বিওয়াইডির ব্লেড ব্যাটারি প্রযুক্তি, ভেহিকেল-টু-লোড (ভিটুএল) সুবিধা এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস)। গাড়ির ভেতরে রয়েছে আধুনিক ও প্রশস্ত কেবিন, ১২.৮ ইঞ্চির বড় ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং প্যানোরামিক সানরুফ।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, সিলায়ন ৫ আধুনিক, সাশ্রয়ী এবং বুদ্ধিমান পরিবহন ব্যবস্থার একটি নতুন দিগন্ত তৈরি করবে। এটি দৈনন্দিন যাতায়াতে ইলেকট্রিক গাড়ির অভিজ্ঞতা দেবে এবং দীর্ঘ যাত্রায়ও স্বাচ্ছন্দ্য বজায় রাখবে।
গাড়িটি কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে এবং হারবার গ্রে—এই চারটি রঙে পাওয়া যাবে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৭.৯০ লাখ টাকা। পাশাপাশি থাকছে আকর্ষণীয় ওয়ারেন্টি সুবিধা—ট্র্যাকশন ব্যাটারিতে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার, মোটরে ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার এবং পুরো গাড়িতে ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি।
অনুষ্ঠানে প্রি-অর্ডার করা ২৫টি গাড়ি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।



