ইসলামাবাদে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান: প্রস্তুতির তুঙ্গে পাকিস্তান – DesheBideshe

ইসলামাবাদে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান: প্রস্তুতির তুঙ্গে পাকিস্তান – DesheBideshe


ইসলামাবাদে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান: প্রস্তুতির তুঙ্গে পাকিস্তান – DesheBideshe

ইসলামাবাদ, ১৭ এপ্রিল – ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতের পিটিআই পাকিস্তানের উচ্চপর্যায়ের দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে যে মঙ্গলবার থেকেই প্রস্তুতির কাজ শুরু হয়েছে এবং বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তেহরান সফর করেছেন বলে জানা গেছে।

মূলত ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল দুই পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। এই সংকট নিরসনে শুরু থেকেই পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের লক্ষ্যে যুদ্ধবিরতির তৃতীয় দিনে ইসলামাবাদে উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন।

তবে একটানা ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সেই বৈঠক ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ শুরু হয়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই দ্বিতীয়বার সংলাপে বসতে রাজি হয় এবং স্থান হিসেবে ইসলামাবাদকে বেছে নিতে কোনো আপত্তি জানায়নি। এরই প্রেক্ষিতে পাকিস্তান সরকার এখন বড় পরিসরে এই গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করছে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬



Scroll to Top