সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে তাণ্ডব: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ – DesheBideshe

সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে তাণ্ডব: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ – DesheBideshe


সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে তাণ্ডব: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ – DesheBideshe

ঢাকা, ২৭ সেপ্টেম্বর – রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর ও বিতর্কিত জমিতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানা-পুলিশের তাৎক্ষণিক অভিযানে তাঁদের আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।

গ্রেপ্তারকৃত চার আসামি হলেন:

  • শাহরিয়ার (হামলার মূল পরিকল্পনাকারী)
  • মো. মামুন (ভাসানটেক বস্তি এলাকা)
  • আসলাম (মজুমদার মোড় এলাকা)
  • মুন্না (মজুমদার মোড় এলাকা)

জমি নিয়ে বিরোধ ও রাস্তার গেট নিয়ে ক্ষোভের জের!

ঘটনার নেপথ্য কারণ ব্যাখ্যা করে ক্যান্টনমেন্ট থানার ওসি জানান, ব্রাউনফিশ স্টুডিওটির জমিটির আসল মালিক ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড’। ওই জমির মালিকের সাথে সংলগ্ন অন্য জমি মালিকদের যাতায়াত ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে মারাত্মক বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, নিউ গিনি প্রপার্টিজ বিতর্কিত ওই জমিতে একটি গেট তৈরি করে আশপাশের অন্য ভবনের বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত অবরুদ্ধ করে ফেলেছিল। চলাচলে এমন বাঁধা সৃষ্টির কারণে চরম ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সংগঠিত হয়ে শনিবার গভীর রাতে সেখানে গিয়ে এই হামলা ও ভাঙচুর চালায়।

“দুই ট্রাকভর্তি লোক এসে সব ধ্বংস করে দিল”— লাইভে সালমান

এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির অভিযোগ জানান, দুই ট্রাকে করে বিপুল সংখ্যক মানুষ এসে তাঁদের নতুন স্টুডিওতে তাণ্ডব চালায় এবং কয়েক কোটি টাকার সরঞ্জাম ভাঙচুর করে।

সালমান মুক্তাদির বলেন, “হামলাকারীদের প্রধান লক্ষ্য সম্ভবত ভবনের আসল মালিক ছিলেন, তাঁর কাছে হয়তো চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে এবং সেই জেরে এই হামলা।”

পুলিশ জানিয়েছে, নিউ গিনি প্রপার্টিজের থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান স্টুডিওটি বানিয়েছিলেন। প্রধান পরিকল্পনাকারীকে ইতোমধ্যেই ধরা হয়েছে এবং ঘটনার সাথে যুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top