বিরূপ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও চলমান পাবলিক পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতি, শিক্ষাজীবন এবং ভবিষ্যতের কথা বিবেচনা করেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার ১৩ জুলাই এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা তারা আন্তরিকভাবে উপলব্ধি করছে। তবে ১২ লাখ ৭০ হাজারেরও বেশি পরীক্ষার্থীর ভবিষ্যৎ এই পরীক্ষার সঙ্গে জড়িত থাকায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার পরীক্ষা স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অনিশ্চয়তা তৈরি হবে। এতে ফলাফল প্রকাশ বিলম্বিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এবং দেশের সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডারও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরও জানায়, দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কোনো একটি অঞ্চলের বা বোর্ডের সমস্যার কারণে সারা দেশের সব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়।



