যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সম্ভাব্য এই সংলাপ আয়োজনের জন্য আবারও পাকিস্তানকে কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতিতে বড় ধরনের অগ্রগতি দেখা যেতে পারে।
এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফসহ উভয় পক্ষের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় দুই দেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়ে যায়।
নতুন করে আলোচনার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।


