গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ার বদৌলতে বেশ আলোচনায় রয়েছেন মডেল-অভিনেত্রী তানিয়া মিশ্রা। ভক্তদের বড় একটি অংশ তাকে ভারতের নতুন ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে অভিহিত করছেন। তার ক্রমবর্ধমান পরিচিতির পাশাপাশি তানিয়ার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার নিয়েও নেটিজেনদের আগ্রহ বাড়ছে।
তানিয়াকে কেন ‘ন্যাশনাল ক্রাশ’ বলা হচ্ছে?
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ন্যাশনাল ক্রাশ’ শব্দ এমন অভিনেত্রী বা জনপ্রিয় ব্যক্তিত্বদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যারা হঠাৎ করেই অনলাইনে ব্যাপক মানুষের নজর কাড়েন। সাম্প্রতিক সময়ে তানিয়া মিশ্রাকেও সেই পরিচয়ে অভিহিত করছেন অনেকে। ভক্তরা তার ছবি শেয়ার করছেন, ফ্যাশন ও স্টাইল নিয়ে আলোচনা করছেন এবং পর্দায় তার উপস্থিতির প্রশংসা করছেন। এসবের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যাও দ্রুত বাড়ছে।
তানিয়ার ইনস্টাগ্রামে এখন অনুসারীর সংখ্যা ১২ লাখের বেশি। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়ার পরিচিতি যত বাড়ছে, ততই তার পুরোনো কাজ এবং মডেলিং থেকে অভিনয় নতুন করে আলোচনায় আসছে।
গয়া থেকে তানিয়ার মুম্বাই জার্নি
১৯৯৯ সালের ৩১ জানুয়ারি বিহারের গয়ায় জন্মগ্রহণ করেন তানিয়া মিশ্রা। পরবর্তীতে মুম্বাইয়ে পাড়ি জমান। মায়া নগরীতে পা রেখে মডেলিং ও বিনোদন জগতে ক্যারিয়ার গড়ায় মন দেন। মাগধ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব কমার্স (বিকম) ডিগ্রি সম্পন্ন করেন।
মডেলিংয়ে পা রাখার পর ফ্যাশন শো, ম্যাগাজিনে ফটোশুট, র্যাম্পে হাঁটেন তিনি। ধীরে ধীরে মিউজিক ভিডিও, চলচ্চিত্র ও ওয়েবভিত্তিক বিভিন্ন কাজেও নিজের পরিসর বাড়ান। ২০১৯ সালে আইএডাব্লিউএ মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ রানার-আপ নির্বাচিত হন তানিয়া। ২০২০-২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেন।
তানিয়ার চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
‘গজনভি’, ‘চেজ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তানিয়া। ‘গজনভি’ তার অভিনয়জীবনের শুরুর দিকের একটি কাজ হলেও ‘চেজ’ তাকে আরো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়। থ্রিলারধর্মী এই সিনেমায় একজন সিবিআই কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। এরপর মডেল পরিচিতির বাইরে গিয়ে চরিত্রনির্ভর অভিনয়ের সুযোগ পান। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তানিয়া। ‘চিড়িয়া উড়’ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, সিকান্দার খের, ভূমিকা চাওলা প্রমুখ।
মিউজিক ভিডিওতেও তানিয়া
তানিয়া মিশ্রার ক্যারিয়ারে মিউজিক ভিডিও গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এখন পর্যন্ত সাতটি মিউজিক ভিডিওর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এসব কাজের মাধ্যমে ডিজিটাল দর্শকদের কাছেও তার পরিচিতি বেড়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তানিয়ার মিউজিক ভিডিওগুলোর মধ্যে রয়েছে—‘নাখরো’, ‘তু মেরা হো জায়েগা’ প্রভৃতি। মিউজিক ভিডিওতে তার উপস্থিতি চলচ্চিত্র ও টেলিভিশনের বাইরেও তাকে দর্শকদের কাছে পরিচিত করে তুলেছে।
*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে



