
ওয়াশিংটন, ৬ মে – ফ্যাশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর মেট গালা ২০২৬ এর লালগালিচায় এবার প্রথাগত ধারণাকে ভেঙে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হলেন হলিউড অভিনেতা ডোয়াইন দ্য রক জনসন। স্ত্রী লরেন হাশিয়ানকে সঙ্গে নিয়ে যখন তিনি রেড কার্পেটে পা রাখেন তখন সবার নজর কেড়ে নেয় তার পরনের কালো রঙের প্লিটেড স্কার্ট।
প্রখ্যাত ডিজাইনার থম ব্রাউনের তৈরি একটি বিশেষ মোহেয়ার টেলকোট এবং বো টাইয়ের সঙ্গে মানানসই এই স্কার্ট পরে ডোয়াইন জনসন পুরুষত্বের এক নতুন সংজ্ঞা তুলে ধরেন। নিজের এই ব্যতিক্রমী পোশাক সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনসন বলেন যে এই সাজের অনুপ্রেরণা মূলত তার শেকড় অর্থাৎ পলিনেশীয় সংস্কৃতি থেকে আসা। তিনি অত্যন্ত গর্বের সঙ্গে জানান তাদের সংস্কৃতিতে স্কার্ট বা লাভালাভা পরা অত্যন্ত সাধারণ একটি বিষয়।
ডোয়াইন জনসনের ভাষায় তাদের পলিনেশীয় সংস্কৃতিতে সবথেকে সাহসী ও পুরুষালি ব্যক্তিরাই স্কার্ট বা লাভালাভা পরে থাকেন। ডিজাইনার থম ব্রাউন জানান জনসনের এই টেলকোটটি তৈরিতে ৩৫০ মিটারেরও বেশি সিল্ক রিবন ব্যবহার করা হয়েছে যা হাতে নকশা করা এবং একটি বিশেষ কঙ্কাল আকৃতির কাঠামোতে তৈরি।
এর আগেও পুরুষত্বের প্রকৃত অর্থ নিয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন এই অভিনেতা। সম্প্রতি মোয়ানা চলচ্চিত্রের প্রচারণায় তিনি বলেছিলেন যে পুরুষত্ব মানে কেবল শারীরিক শক্তি নয় বরং নিজের জীবনের নারীদের ক্ষমতায়ন ও সহায়তা করা।
মেট গালার এবারের আসরের থিম ছিল ফ্যাশন ইজ আর্ট। এই জমকালো আয়োজনে কো চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বিয়ন্সে, নিকোল কিডম্যান ও অ্যানা উইন্টোরের মতো তারকারা। জনসনের এই সাহসী ফ্যাশন স্টেটমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে যা ফ্যাশন ও সংস্কৃতির মেলবন্ধনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এস এম/ ৬ মে ২০২৬






