ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের নেতা শুভেন্দু অধিকারী শনিবার (৯ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল ১১টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু পরে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানান এবং পিঠ চাপড়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। এ তথ্য জানিয়েছে এনডিটিভি, আনন্দবাজার ও এপিবি আনন্দ।
অনুষ্ঠান শুরুর আগেই ভেন্যুতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছাদখোলা গাড়িতে তাঁর পাশে ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনজনই হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এর আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ মঞ্চে আরও ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান এবং জেপি নাড্ডা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশ, আসামের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী ও উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ বিজেপির কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতারা। কলকাতাসহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে বিজেপির নেতা-কর্মীরাও শপথ অনুষ্ঠানে অংশ নেন।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তাঁর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী।
শপথের আগের দিন শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা। এ সময় বিজেপির ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানান তিনি।
এর আগে কলকাতার নিউ টাউনের একটি কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত ২০৭ বিধায়ককে নিয়ে পরিষদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে তিনি শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করার ঘোষণা দেন।




