মুশফিক-লিটনের সেঞ্চুরিতে পৌঁনে পাঁচশতে থামল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে পৌঁনে পাঁচশতে থামল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শততম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। টাইগার তারকার মাইলফলকের দিনে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলেছেন লিটন দাস। দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পৌঁনে পাঁচশতে থেমেছে বাংলাদেশ।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটে নামে টিম টাইগার্স। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের চা বিরতির আগে থামে ইনিংস। ১৪১.১ ওভারে ৪৭৬ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল।

৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রানে প্রথমদিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে ব্যাট করেছে আরও ৫১.১ ওভার। যোগ করেছে ১৮৪ রান।

আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়েছেন মুশফিক। মাইলফলকের ম্যাচে সেঞ্চুরি করেছেন। প্রথমদিনে ৯৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতেই শতক তুলে নেন। ৫ চারে ২১৪ বলে ১০৬ রান করে আউট হন।

লিটন দাস ৮ চার ও ৪ ছক্কায় ১৯২ বলে ১২৮ রান করেন। মেহেদী হাসান মিরাজ করেছেন ১০৭ বলে ৪৭ রান।

দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৩১০ রানে। মুশফিক ফিরে যান। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন ও মিরাজ যোগ করেন ১২৩ রান। দলীয় ৪৩৩ রানে মিরাজ ও লিটন ফিরে যান। পরে আর ৪৩ রান যোগ হয়।

প্রথমদিনে ৬৩ রানে আউট হন মুমিনুল হক। মাহমুদুল হাসান জয় ৩৪ এবং সাদমান ইসলাম ৩৫ রান করেন।

আইরিশ স্পিনার আন্ডি ম্যাকব্রিনে ৬ উইকেট নেন। ম্যাথিউ হামফ্রেয়াস ও গ্যাভিন হোয়ে নেন দুটি করে উইকেট।

Scroll to Top