স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মুক্তিযুদ্ধের সময় একটি গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতা করে দেশের মা-বোনদের নির্যাতনের মুখে ঠেলে দিয়েছিল। একই সঙ্গে দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যার উদ্দেশ্যে তাদের তুলে দেওয়া হয়েছিল। তাই সেই রাজাকারদের রাজনৈতিক ধারাকে বর্জন করতে হবে, অন্যথায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
শনিবার (১৮ জুলাই) রাতে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূঁইয়া বাজারসংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে ব্যাপক জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো গ্রামাঞ্চল পর্যন্ত উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষে ৪০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।




